পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড পরিবর্তনের নামে উপকারভোগীদের কাছ থেকে ১২০ টাকা করে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ডিলার আনিছুর রহমান। অভিযোগটিকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় তেঁতুলিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি এসব দাবি করেন।
সংবাদ সম্মেলনে আনিছুর রহমান বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড পরিবর্তনের নামে উপকারভোগীদের কাছ থেকে ১২০ টাকা করে নেওয়ার অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। সরকারি নিয়মের বাইরে উপকারভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের কোনো সিদ্ধান্তের সুযোগ নেই।
তিনি দাবি করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তার ক্রমবর্ধমান জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এরই অংশ হিসেবে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আনিছুর রহমান আরও বলেন, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে তার বক্তব্য যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। এতে সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে ভুল ধারণার সৃষ্টি হয়েছে। পাশাপাশি তার সামাজিক মর্যাদা ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই করা জরুরি। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান তিনি।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করে আনিছুর রহমান বলেন, তদন্তে তার বিরুদ্ধে কোনো অনিয়ম, অর্থ আদায় কিংবা সরকারি বিধিবিধান লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হলে তিনি তা মেনে নেবেন।
তিনি আরও বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি দেশের নিম্নআয়ের ও অসচ্ছল মানুষের জন্য সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তামূলক উদ্যোগ। এ কর্মসূচির স্বচ্ছতা বজায় রাখা, সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করা এবং প্রকৃত উপকারভোগীদের স্বার্থ রক্ষা করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে আনিছুর রহমান তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রকৃত সত্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে যেকোনো অভিযোগের বিষয়ে সংবাদ প্রকাশের আগে যথাযথ তথ্য যাচাই ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানান।
তবে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড পরিবর্তনের নামে অর্থ আদায়ের অভিযোগের সত্যতা কিংবা ডিলারের পাল্টা দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের ফলাফল জানা যায়নি।



















