২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদ এবং ওই ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জামায়াতে ইসলামীর গাইবান্ধা সদর ও শহর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের স্টেশন জামে মসজিদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ডাকবাংলো মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা আমির ও সংসদ সদস্য মো. আব্দুল করিম, ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি ও পৌর মেয়র প্রার্থী মো. ফয়সাল কবির রানা, পৌরসভা আমির অধ্যাপক এ কে এম ফেরদৌস আলম, সদর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম মন্ডল এবং ইসলামী ছাত্রশিবির নেতা ফারহান সাদিক প্রমুখ। এ সময় জামায়াতের জেলা, সদর ও শহর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় লগি-বৈঠা ও ধারালো অস্ত্র নিয়ে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। তাঁদের অভিযোগ, সেদিন নিরীহ মানুষের ওপর হামলা, হত্যাকাণ্ড এবং লাশের ওপর দাঁড়িয়ে উল্লাসের ঘটনা দেশবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছিল। তাঁরা এসব ঘটনাকে পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বহিঃপ্রকাশ বলে দাবি করেন।
বক্তারা আরও অভিযোগ করেন, ওই ঘটনার পর ন্যায়বিচার প্রত্যাশীদের বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করা হয়েছিল এবং অভিযুক্তদের রক্ষায় মামলা প্রত্যাহার করা হয়। তাঁদের ভাষ্য, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়ায় ভুক্তভোগীরা এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত।
সমাবেশ থেকে ২৮ অক্টোবরের ঘটনায় জড়িত বলে অভিযোগ করা সব পরিকল্পনাকারী ও হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
বিজ্ঞাপন



















