মো. আরফান হোসেন বাবর,হোসেনপুর (কিশোরগঞ্জ)সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামী হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের স্মরণে ও ঘটনার তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে হোসেনপুর উপজেলা জামায়াতে ইসলামীর শাখা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হোসেনপুর উপজেলা আমীর মো. আমিনুল হক-এর সভাপতিত্বে এবং মো. রহমত আলী মাস্টার-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর এ ডি এম মুহিবুল্লাহ, উপজেলা সেক্রেটারি মো. আজহারুল ইসলাম বুলবুল, হোসেনপুর উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আরফান হোসেন বাবর সহ উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম কলঙ্কজনক ও নৃশংসতম দিন। সেদিন পল্টনের রাজপথে তৎকালীন আওয়ামী লীগ ও তাদের দোসররা লগি-বৈঠা নিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর যে তাণ্ডব চালিয়েছিল এবং তাজা মানুষের লাশের ওপর যে নৃত্য করেছিল, তা ছিল মানবতাবিরোধী চরম অপরাধ।”
বক্তারা আরও বলেন, “সেদিন লগি, বৈঠা ও মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে নির্দোষ ও নিরপরাধ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে জামায়াত ও শিবিরের অসংখ্য নেতাকর্মীকে পশুপাখির মতো পিটিয়ে শহীদ করা হয়েছিল। লাশের ওপর দাঁড়িয়ে উল্লাস করার সেই দৃশ্য সারা বিশ্বের বিবেককে নাড়া দিয়েছিল। প্রকৃতপক্ষে, তৎকালীন সময়ের সেই লগি-বৈঠার রাজনীতিই পরবর্তীতে বাংলাদেশে একনায়কতন্ত্র ও দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের সূচনা করেছিল।”
নেতৃবৃন্দ শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “২৮ অক্টোবরের শহীদরা দ্বীন প্রতিষ্ঠা ও সত্যের পথে অবিচল থেকে জীবন উৎসর্গ করেছেন। তাদের এই রক্ত বৃথা যেতে পারে না। যে ইনসাফভিত্তিক সমাজ গঠনের জন্য তারা জীবন দিয়েছেন, জামায়াতে ইসলামী সেই লক্ষ্য অর্জনে রাজপথে লড়াই চালিয়ে যাবে।”
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবরের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের তৌফিক দান করতে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।



















