আল-আমিন হাসান, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
মাদক, দুর্নীতি, দুঃশাসন ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং দেশে সুশাসন প্রতিষ্ঠায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা।
তিনি বলেন, দলের ভেতরে থেকে যারা গোপনে সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে পরাজিত করার ষড়যন্ত্র করেছেন, তাঁদের চিহ্নিত করতে হবে। নিকলী–বাজিতপুরের উন্নয়নের স্বার্থে আগামী স্থানীয় সরকার নির্বাচনে সব ভেদাভেদ ভুলে বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিতে হবে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের নিকলী উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা যুবদল এ অনুষ্ঠানের আয়োজন করে।
এহসানুল হুদা বলেন, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং পলাতক আওয়ামী লীগ সরকারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা মোকাবিলায় বিএনপি বদ্ধপরিকর।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব সাইফুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হাজি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সায়িদ রতন, সহসভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি ও নিকলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহমেদ, কিশোরগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি এমদাদুল ইসলাম কোহিনুর এবং জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক মো. কাউছার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হিলছিয়া ইউনিয়নের সাবেক সহসভাপতি শহীদুজ্জামান বাবু এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স মাহমুদ তুহিন, হাজি আরিফ হোসেন, মুসা হায়দার, কাদির আহাম্মদ রাজু, মোজাম্মেল হক, নুরুউদ্দিন, নজরুল ইসলাম চৌধুরী ও জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা।
আলোচনা সভার আগে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। পরে উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন নেতা-কর্মীরা।



















