লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে দুই সন্তানের জননী শিলা খাতুন (২৫) হত্যার ঘটনায় তাঁর স্বামী তুষার হোসেন শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রধানবাড়ি এলাকায় নিজ বাড়িতে শিলার মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিলা ওই এলাকার তুষার হোসেন শাহীনের স্ত্রী। এই দম্পতির ঘরে ছয় বছর বয়সী একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে সন্তানদের সঙ্গে খাওয়াদাওয়ার সময় শিলা ও তাঁর স্বামী তুষার হোসেন শাহীনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহীন তাঁর স্ত্রীকে ধাক্কা দিলে তিনি ঘরের চৌকাঠে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর নিহত শিলার নানা মোশাররফ হোসেন অভিযোগ করেছিলেন, তাঁর নাতনিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছিল, শুরুর দিকে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গৃহবধূ শিলা হত্যার ঘটনায় প্রধান আসামি স্বামী তুষার হোসেন শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানান তিনি।



















