সরকার শাহাদত হোসেন:
গাইবান্ধার সাঘাটায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন। প্রশাসনের অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা।
গতকাল উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামনগর এলাকায় ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে একটি ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত বলেন, অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।



















