শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনী মেডিসিন মার্কেটে মঙ্গলবার (২৭ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তার নেতৃত্বে ঔষধ প্রশাসন অধিদপ্তর, ফেনী এর সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ীদের মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরের লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনাসহ ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত নয় এমন ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে মজুদকরণ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার প্রবণতা পরিলক্ষিত হয়।
অভিযান পরিচালনাকালে ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত নয় এমন ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে মজুদকরণ ও মেয়াদোর্ত্তীণ ঔষধ রাখার অপরাধে মেসার্স নিউ মা মনি মেডিসিন শপ, মেসার্স টু স্টার মেডিসিন শপ, মেসার্স মুন স্টার ফার্মেসী, লোকনাথ ফার্মেসী, মেসার্স লোকনাথ মেডিসিন শপ ও মমতা মেডিসিন কর্ণার প্রত্যেককে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ৫ হাজার টাকা করে ০৬টি মামলায় সর্বমোট ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া কয়েকটি ঔষধ দোকানকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ফেনী ঔষধ প্রশাসন অধিদপ্তর ও আনসার-ভিডিপির সদস্যরা সহযোগিতা করেন।



















