আনোয়ারুল ইসলাম রনি রংপুর:
রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে তিনটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা করেছে পুলিশ। মামলাগুলোতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের বাসিন্দা সৌরভ চন্দ্র মোহন্তের বিরুদ্ধে ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তিমূলক ভিডিও প্রকাশের অভিযোগ ওঠে। ভিডিওটি প্রথমে গাজীপুরে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে সৌরভ নিজের ফেসবুক আইডি থেকে ভিডিওটি সরিয়ে নিলেও অন্য ব্যক্তিরা সেটি ডাউনলোড করে বিভিন্ন আইডি থেকে পুনরায় ছড়িয়ে দেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনার জেরে সোমবার সন্ধ্যায় বিক্ষুব্ধ লোকজন সৌরভের বাড়িসহ তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দাবি, মাগরিবের নামাজের পর একদল লোক অতর্কিতে তাদের বাড়িতে হামলা চালায়। ওই সময় বিদ্যুৎ না থাকায় হামলাকারীদের শনাক্ত করতে পারেননি তারা। তাদের অভিযোগ, বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি তিনটি ছাগল ও ঘরের আসবাবপত্র নিয়ে যাওয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী এবং স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পীরগঞ্জ থানার ওসি নজমুল হক জানান, কয়েক দিন আগে সৌরভ চন্দ্র মোহন্ত তার ফেসবুক আইডি থেকে মহানবীকে নিয়ে কটূক্তিমূলক একটি ভিডিও আপলোড করেন। ভিডিওটি নিয়ে গাজীপুরে উত্তেজনা সৃষ্টি হলে তিনি সেটি নিজের আইডি থেকে মুছে ফেলেন। তবে এর আগেই ভিডিওটি ছড়িয়ে পড়েছিল। পরে বিভিন্ন ব্যক্তি সেটি ডাউনলোড করে অন্য আইডি থেকে পুনরায় প্রকাশ করেন। এ ঘটনাকে কেন্দ্র করেই সৌরভের বাড়িতে হামলার ঘটনা ঘটে।
ওসি আরও জানান, সোমবার রাতে পীরগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি বাড়িঘর ভাঙচুরের ঘটনায় এবং অন্যটি ধর্ম অবমাননার অভিযোগে করা হয়েছে।
বাড়িঘর ভাঙচুরের মামলাটির বাদী সৌরভের বাবা বিশু চন্দ্র মোহন্ত। ওই মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, ধর্ম অবমাননার অভিযোগে স্থানীয় মাতব্বর আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। সেই মামলায় সৌরভ চন্দ্র মোহন্তকে বগুড়ার শিবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, “যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আটকের চেষ্টা করা হচ্ছে।”
রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “যারাই এ ঘটনা ঘটাক, তাদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনার জের ধরে কেউ যাতে আপত্তিকার কিছু ঘটতে না পারে সেজন্য বাড়তি পুলিশ মোতায়ন করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিজ্ঞাপন



















