সরকার শাহাদত হোসেন:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা যুবদলের উদ্যোগে শহরের পৌরপার্কের শহীদ মিনার চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুবদলের নেতাকর্মীরা শহীদ মিনার চত্বরে সমবেত হন। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল।
জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টোর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম লিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ সেকেতুর রব অনিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার রক্ষা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে সত্যের পক্ষে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত গণতান্ত্রিক আন্দোলন ও রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সব ধরনের ভেদাভেদ ভুলে তরুণদের সক্রিয়ভাবে মাঠে থেকে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে শহীদ মিনার চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া হাইস্কুলে গিয়ে শেষ হয়।





















