রাজন্য রুহানি, জামালপুর :
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জামালপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
২৭ অক্টোবর মঙ্গলবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা সরকারি শিশু পরিবার বালক শাখার পুকুরে পোনামাছ অবমুক্ত করেন সদর আসনের এমপি আইনজীবী শাহ্ মো ওয়ারেছ আলী মামুনসহ দলীয় নেতৃবৃন্দ। এরপর এতিমখানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি।
বৃক্ষরোপণ শেষে জেলা যুবদলের আয়োজনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা।
জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি।
এ সময় এমপি বলেন, দেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে যুবদল। আগামী দিনেও আন্দোলন-সংগ্রামে যুবসমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে।
সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।
শোভাযাত্রায় জেলা যুবদল এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





















