ইয়াকুব সরকার, বিশেষ প্রতিনিধি কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর শিমুলবাড়ী এলাকার শারীরিক প্রতিবন্ধী নাজমুলের চলাচল সহজ করতে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. আব্দুস ছালাম সুজার উদ্যোগে তাঁর হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতার কারণে নাজমুল দৈনন্দিন চলাফেরায় নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁর চলাচল সহজ করা এবং স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করতেই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়।
হুইলচেয়ার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিমুলবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. শিফায়েত হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা ও দলটির মনোনীত শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফুলবাড়ী উপজেলা শাখার সাবেক সভাপতি মো. আব্দুল আজিজ সরকার (চাঁদ), জামায়াতের যুব বিভাগের শিমুলবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মো. আব্দুর রাজ্জাক, নাওডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি মো. তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাওডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম স্বপনসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের সহায়তা একজন প্রতিবন্ধী ব্যক্তির চলাচল ও দৈনন্দিন জীবনযাপনকে অনেকটাই সহজ করে। তাঁদের মতে, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এগিয়ে আসা মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে এবং তাঁদের সমাজের মূলধারায় সম্পৃক্ত হতে সহায়তা করে।



















