শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন এখন থেকে ফেনী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে। নতুন এ যাত্রাবিরতি চালুর দিনে ট্রেনে করে ফেনী এসেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১:৫০ মিনিটে তিনি ফেনী স্টেশনে পৌঁছান। সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে মহানগর এক্সপ্রেস ট্রেন উদ্বোধন শেষে ফেনীর উদ্দেশে যাত্রা করেন তিনি। সোমবার দিবাগত রাত ২টায় ফেনী রেলওয়ে স্টেশনে পৌঁছে উপস্থিত কক্সবাজারগামী যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
পরে প্রতিমন্ত্রী রেল স্টেশন চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ফেনী জেলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার এলাকা।এই এলাকার প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের এক আলাদা ভালোবাসা কাজ করে।তাই তো আজ থেকে মহানগর এক্সপ্রেস ট্রেনটি ফেনীতে স্টপেজ নিচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দিনদিন রেল খাতের উন্নয়ন করছে।রেলের যে কোন উন্নয়নে ফেনীবাসী এর ছোঁয়া পাবে।
বিশেষ অতিথির বক্তব্যে ফেনী- ১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ও জনগণের প্রত্যাশা অনেকগুলোর মধ্যে আজ একটি পূরণ হল।
ট্রেনে করে ফেনীবাসীদের নিরাপদ ও স্বাচ্ছন্দে কক্সবাজার ভ্রমণের এই সুব্যবস্থা করে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
এসময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেন, ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মুহাম্মদ হারুন, জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসের ফেনী স্টেশনে যাত্রাবিরতি চালুর খবরে স্থানীয় রেলযাত্রীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।যাত্রীরা এই ট্রেনে টিকেটের সংখ্যা আরও বাড়ানোর দাবি জানান।
উল্লেখ্য যে, মহানগর এক্সপ্রেসে ফেনী স্টেশন থেকে যাত্রার জন্য মোট ৬২টি আসন বরাদ্দ রয়েছে। এর মধ্যে কক্সবাজারগামী যাত্রীদের জন্য ৪৭টি এবং চট্টগ্রামগামী যাত্রীদের জন্য ১৫টি আসন। কক্সবাজারগামী আসনের মধ্যে শোভন চেয়ারের ৩০টি, স্নিগ্ধার ১৫টি এবং এসি বার্থের দুটি আসন রয়েছে।



















