ঠাকুরগাঁও প্রতিনিধি:
আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নিরাপত্তা জোরদারে ডগ স্কোয়াড, চেকপোস্ট, বডি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারির প্রস্তুতিও নেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের আর্ট গ্যালারি এলাকায় অপরাজেয় ৭১ এর সামনে ডগ স্কোয়াডসহ বিজিবির নিরাপত্তা প্রস্তুতি ও তৎপরতা দেখা যায়। এ সময় বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে চলাচলকারী যানবাহন তল্লাশি করা হয়। সন্দেহভাজন ব্যক্তিদেরও তল্লাশির পাশাপাশি সাধারণ মানুষকে সতর্কতামূলক প্রচার-প্রচারণার মাধ্যমে সচেতন করা হয়।
নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা, বিশৃঙ্খলা ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের সঙ্গে বডি ক্যামেরা ব্যবহার করতেও দেখা যায়।
বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার পাশাপাশি সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বিজিবি। দায়িত্ব পালনকালে বডি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদের ৩-ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে বিজিবি। আগে নির্ধারিত ১২ প্লাটুনের সঙ্গে অতিরিক্ত ৯ প্লাটুন যুক্ত করে মোট ২১ প্লাটুন বিজিবি মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে বিজিবি। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে।
এ উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
নির্বাচন ঘিরে বিজিবির এই জোরালো প্রস্তুতিতে ঠাকুরগাঁও-১ আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এখন ভোটারদের প্রত্যাশা, নির্বিঘ্ন পরিবেশে তাঁরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।





















