সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে এ সড়কে বাস চলাচল শুরু হয় বলে জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর রেজা মুরাদ।এর আগে রোববার (২৫ অক্টোবর) কিশোরগঞ্জ ও ঢাকার মহাখালী বাস টার্মিনালের মালিকদের দ্বন্দ্বের জেরে অনন্যা, অনন্যা ক্লাসিক, উজানভাটি ও জলসিঁড়ি পরিবহনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকাগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েন। বিশেষ করে ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে যাওয়া চাকরিজীবীরা বিপাকে পড়েন।
কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর রেজা মুরাদ বলেন, বাস চলাচল বন্ধের পেছনে থাকা সমস্যা নিয়ে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির সভা হওয়ার কথা রয়েছে। ঢাকার লেকজনের দেওয়া অতিরিক্ত বাস বন্ধ করা হয়েছে। এখন আগের বাসগুলোই চলবে। এ কারণে সোমবার সকাল থেকে কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল শুরু হয়েছে।এর আগে রোববার সকালে কিশোরগঞ্জ শহরের গাইটাল বাস টার্মিনালে গিয়ে চার পরিবহনের বাস বন্ধ পান যাত্রীরা। এতে চরম দুর্ভোগে পড়েন এই সড়কে চলাচল করা সাধারণ যাত্রীরা।বাস বন্ধ থাকায় কেউ কেউ বিকল্প হিসেবে ট্রেনে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেন। সোমবার সকাল থেকে বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে। তবে দুই এলাকার পরিবহন মালিকদের বিরোধের স্থায়ী সমাধান হবে কি-না, তা আগামীকাল মঙ্গলবারের কেন্দ্রীয় কমিটির সভার পর স্পষ্ট হতে পারে।



















