শেখ সুমন আলী, ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আট দলীয় আট্টাকী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। কাজি আজাহার আলী কলেজ মাঠে ৬ নভেম্বর ২০২৬ তারিখে ম্যাচটি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হককে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নিয়েছেন আয়োজক কমিটির সদস্যরা।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক মোঃ জিয়াউর রহমান (জিয়া)-এর উদ্যোগে এ আমন্ত্রণ কার্যক্রমে যুক্ত রয়েছেন সাইদুর রহমান জয়, মুশফিকুর রহিম, রিপন মেম্বার, রফিকুল ইসলাম (রফিক মেম্বার)সহ আট্টাকী যুব সংঘের অন্যান্য সদস্যরা।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ফাইনাল খেলাকে কেন্দ্র করে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটবে এবং মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকরা।
আয়োজকরা জানান, আট্টাকী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের মূল লক্ষ্য শুধু খেলাধুলার আয়োজন নয়; বরং স্থানীয় তরুণদের ক্রীড়ামুখী করা, ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানো এবং এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করা।



















