শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় বটির আঘাতে সেতারা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর মেয়ে রিনা আক্তার রানুকে (৩৬) আটক করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের পূর্ব চন্দ্রপুর গ্রামের বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সেতারা বেগম ওই গ্রামের মৃত হোসেন আহমেদের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে রিনা আক্তার রানুর আচরণে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল। সম্প্রতি তিনি তাঁর স্বামীকেও মারধর করেন বলে জানা গেছে। এরপর পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য বাবার বাড়িতে নিয়ে আসেন। সেখানে তাঁর বিভিন্ন ধরনের চিকিৎসা চলছিল।
রোববার রাতে হঠাৎ রানু ঘরের অন্য সদস্যদের একটি কক্ষে আটকে রেখে ধারালো বটি দিয়ে তাঁর মাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই সেতারা বেগমের মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার পর রানু হাতে বটি নিয়ে ঘরের এক কক্ষ থেকে অন্য কক্ষে চলাফেরা করতে থাকেন এবং দরজা ভেতর থেকে বন্ধ করে রাখেন। খবর পেয়ে দাগনভূঞা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে দীর্ঘ চেষ্টার পর বসতঘরের লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ সেতারা বেগমের মরদেহ উদ্ধার করে। এ সময় অভিযুক্ত রানুকে আটক করা হয়।
দাগনভূঞা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মেয়েকে আটক করা হয়েছে। তাঁর মানসিক সমস্যা থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



















