লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ তিনজন আহত হওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাঘটি ধানখেতে লুকিয়ে থাকায় সম্ভাব্য বিপদ এড়াতে বাসিন্দাদের সতর্ক করে মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অন্যদিকে, টর্চলাইট ও লাঠিসোঁটা হাতে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। বাঘটিকে উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে বন বিভাগের একটি দল।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ৯০৫ নম্বর আন্তর্জাতিক পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন আমঝোল গ্রামের শরিফা বেগম (৩৪), নজরুল ইসলাম (৪৫) ও আফসার আলী (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নিজের ছাগল খুঁজতে ধানখেতে যান শরিফা বেগম। এ সময় সীমান্তের কাছে একটি বাঘকে ছাগল আক্রমণ করতে দেখে তিনি চিৎকার শুরু করেন। তখন বাঘটি তাঁকে ধাওয়া করে আক্রমণ করে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে বাঘটি তাঁদের ওপরও হামলা চালায়। এতে তিনজন আহত হন।
পরে স্থানীয়দের ধাওয়া এবং টহলরত বিজিবি সদস্যদের দুই রাউন্ড ফাঁকা গুলির পর বাঘটি ধানখেতে লুকিয়ে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার পর রাতে বিজিবি মাইকিং করে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করে এবং বাঘটি যাতে লোকালয়ে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য এলাকাটি ঘিরে রাখতে তাঁদের সহযোগিতা চায়। এদিকে, বাঘটিকে উদ্ধারে বন বিভাগের একটি দল কাজ শুরু করেছে।
আহতদের প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মামুন রহমান জানান, তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোশাররফ হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় সীমান্ত পেরিয়ে আসা বাঘটির আক্রমণে তিনজন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।



















