শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:
বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে ২য় জুনিয়র জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকায় গিয়েছে ফেনী জেলা কারাতে দল। আগামী ২৩ ও ২৪ অক্টোবর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।
ফেনী জেলা ক্রীড়া সংস্থার অধীনে দলটির হয়ে ১৮ জন খেলোয়াড় এবং কোচ, ম্যানেজার ও সহকারী ম্যানেজারসহ ৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করবেন। দলের প্রধান কোচ নুরুল্লাহ মাহফুজ এবং সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয়ের দায়িত্বে রয়েছেন সাধারণ সম্পাদক ইমন উল হক।
ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইদুর রহমান জুয়েল দলের সাফল্য কামনা করেছেন। এ ছাড়া প্রবাসে অবস্থানরত ওমর ফারুক মামুন দলকে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা দিয়ে পাশে রয়েছেন।
দল সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্সের মাধ্যমে ফেনী জেলার জন্য গৌরব বয়ে আনবে খেলোয়াড়রা।



















