ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুরে নিজ ধানখেতে পানি দেওয়ার জন্য সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মনির হোসেন (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
২২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের তেঘরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নিজের জমির রোপাআমন খেতে পানি দিতে সেচপাম্প চালু করতে যান মনির হোসেন। সেচপাম্পের ঘরে গিয়ে সুইচ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে তার হাত জড়িয়ে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই একটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে।



















