রাজন্য রুহানি, জামালপুর :
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন সাংবাদিকরা। একই সঙ্গে দেশে যেসব সাংবাদিক হত্যার শিকার হয়েছেন, সে-সবেরও স্বচ্ছ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার সকালে জামালপুর প্রেসক্লাব আয়োজিত এক মানববন্ধন থেকে সাংবাদিকরা এ দাবি জানান। প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এটিএন বাংলার সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক সচেতনকণ্ঠের সম্পাদক বজলুর রহমান, মানবকণ্ঠের সাংবাদিক কাফি পারভেজ, আলোচিত জামালপুরের সম্পাদক সাযযাদ আনসারী, বাংলাদেশ সময়ের সাংবাদিক আনোয়ার হোসেন, চ্যানেল নাইনের সাংবাদিক শরিফুল ইসলাম ঝোকন, মডেল প্রেসক্লাবের সভাপতি এশিয়ান টেলিভিশনের সাংবাদিক মোস্তাফিজুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে সাংবাদিক আলিফকে হত্যা করা হয়েছে। এ ঘটনাটি সাংবাদিকদের পেশাগত কাজের জন্য বিরাট হুমকি। সাংবাদিক আলিফের ওপরে ২০২৩ সালের নভেম্বর মাসেও হামলা ঘটনা ঘটেছিল। এরপরে একাধিকবার তার ওপরে হামলার চেষ্টা হয়। সাংবাদিক আলিফ স্থানীয় প্রশাসনের একটি সভায় তিনি প্রকাশ্য বলেছিলেন যে, তার ওপরে তাকে হত্যার পরিকল্পনা করেছে সন্ত্রাসীরা। কোন জায়গায় কিভাবে পরিকল্পনা করছে পুরো তথ্যটাই তিনি প্রশাসনের কাছে প্রকাশ্যে বলে দিয়েছিলেন। কিন্তু স্থানীয় প্রশাসন একেবারে উদাসীন ছিলেন। কোনো ব্যবস্থাই নেননি। হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর ভূমিকা নেওয়া হয়নি। বক্তারা ২৪ ঘন্টার মধ্যে সকল হত্যাকারীকে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সকল হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবিও জানানো হয়েছে।



















