গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ আমিনুল ইসলাম গোলাপের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ‘নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই’—আবেগঘন এই শিরোনামে আয়োজিত স্মরণসভায় তাঁর কর্মময় জীবন, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে অবদান এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের নানা দিক তুলে ধরেন বক্তারা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) গাইবান্ধা নাগরিক সংগ্রাম কমিটির উদ্যোগে স্থানীয় নাট্য ও সাংস্কৃতিক সংস্থা মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়।
গাইবান্ধা নাগরিক সংগ্রাম কমিটির সমন্বয়ক মিহির ঘোষের সভাপতিত্বে এবং ডিবিসি প্রতিনিধি রিকতু প্রসাদের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় সংগীতশিল্পী চুনি ইসলামের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে। পরে প্রয়াত আমিনুল ইসলাম গোলাপের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণা করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
স্মরণসভায় বক্তব্য দেন শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক মাজহার উল মান্নান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাগীব হাসান চৌধুরী হাবুল, গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার কার্যকরী সভাপতি শাহজাহান খান আবু, অধ্যাপক মমতাজুর রহমান বাবু, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, মহিলা পরিষদের সাবেক সভাপতি আমাতুর নূর ছড়া, শ্রমিক নেতা রেজাউন্নবী রাজু, সাবেক পৌর মেয়র মো. শামসুল আলম, গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা সভাপতি কবি দেবাশীষ দাশ দেবু, জাসদের জেলা সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, গণফোরামের কেন্দ্রীয় নেতা মির্জা হাসান, নারী ঐক্য পরিষদের সভাপতি মাজেদা খাতুন কল্পনা, ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট আশরাফ আলী, সাংবাদিক ও সমাজকর্মী গোলাম রব্বানী মুসা এবং হেদায়েতুল ইসলাম বাবু।
এ ছাড়া বক্তব্য দেন উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক শিরিন আকতার, বাসদের ইসরাত জাহান লিপি, গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম হানিফ বেলাল, সাম্যবাদী আন্দোলনের অ্যাডভোকেট নওশাদুজ্জামান। পরিবারের পক্ষে স্মৃতিচারণা করেন আমিনুল ইসলাম গোলাপের ছোট ভাই অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রকিবুর রহমান ডালেস ও জামাতা গোলাম মোস্তফা লালন।
অনুষ্ঠানে আমিনুল ইসলাম গোলাপকে নিবেদিত কবিতা আবৃত্তি করেন গৌতমাশীষ গুহ সরকার।
স্মরণসভায় বক্তারা প্রয়াত আমিনুল ইসলাম গোলাপের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদান স্মরণ করেন। আয়োজনজুড়ে প্রিয় মানুষটিকে হারানোর বেদনার পাশাপাশি তাঁর স্মৃতি ও কর্মকে ধরে রাখার প্রত্যয় ফুটে ওঠে।



















