পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ১৩ দিনের ব্যবধানে আবারও একটি বিশাল বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর দর্জিপাড়া গ্রাম থেকে প্রায় ১০ কেজি ওজনের এই সাপটি উদ্ধার করেন স্থানীয়রা। ৮ ফুট দৈর্ঘ্যের এই অজগরটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে।
স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার সকালে উত্তর দর্জিপাড়া গ্রামের বাসিন্দা ইসরাইলের বাড়ির পাশে একটি গর্তের ভেতর সাপটিকে দেখতে পান স্থানীয়রা।
মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় করেন। পরে স্থানীয় কয়েকজন যুবক মিলে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদ স্থানে রাখেন এবং তাৎক্ষণিক ভাবে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অজগরটি নিজেদের
জিম্মায় নিয়ে যান।
বাড়ির মালিক ইসরাইল বলেন, সকালে বাড়ির পাশের গর্তে হঠাৎ বড় এই সাপটি নজরে আসে। আমরা আতঙ্কিত না হয়ে স্থানীদের সহযোগিতায় গর্ত থেকে সাবধানে সেটিকে উদ্ধার করি এবং কর্মকর্তাদের জানাই।
তেঁতুলিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (বিট কর্মকর্তা) মো. নুরুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া বার্মিজ অজগরটির ওজন প্রায় ১০ কেজি এবং লম্বায় এটি ৮ ফুট। সাপটিকে বর্তমানে আমাদের দপ্তরে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এটি সুস্থ আছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সুবিধাজনক সময়ে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে বা গভীর বনে সাপটিকে অবমুক্ত করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ২৯ সেপ্টেম্বর উপজেলার বাংলাবান্ধা সীমান্ত এলাকা থেকে আরও একটি বড় অজগর উদ্ধার করা হয়েছিল। মাত্র ১৩ দিনের ব্যবধানে একই উপজেলায় লোকালয়ে দুটি অজগর উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বন কর্মকর্তাদের ধারণা, খাদ্য সংকট বা ভারত থেকে আসা মহানন্দা নদীর পানির স্রোতে এসব বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। বন্যপ্রাণী দেখলে তা না মেরে প্রশাসনকে জানানোর জন্য স্থানীয়দের পরামর্শ দিয়েছে বন বিভাগ।





















