লক্ষ্মীপুর প্রতিনিধি:
জীবিকার তাগিদে সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আবুল কালাম (৬৫)। তবে কর্মস্থলে পৌঁছানোর আগেই বালুবাহী ড্রামট্রাকের চাপায় প্রাণ হারান তিনি। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয় লোকজন গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন।
সোমবার (১২ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকার লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম শাকচর এলাকার মৃত আনু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আবুল কালাম। পরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বালুবাহী ড্রামট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন সেটি আটক করেন।
এদিকে, দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ লোকজন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ড্রামট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




















