কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
“শিশু বিয়ে আর নয়-কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে কটিয়াদী সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী, শিক্ষক, এনজিও কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা অংশ নেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. আছমা আক্তার।
এতে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহমুদুল হাসান, উপজেলা মহিলা দলের সভাপতি মোছা. রেহেনা বেগম এবং পৌর মহিলা দলের সভাপতি মোছা. তিতাস বেগম।।এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কন্যা শিশুরা সমাজের বোঝা নয়, সম্পদ। বাল্যবিবাহ রোধ, কন্যা শিশুর শিক্ষা নিশ্চিতকরণ ও তাদের অধিকার রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে।




















