হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা:
কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রুহুল আমিন (১৯) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের কোনা মেছেড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন ওই গ্রামের মো. হোসেন মিয়ার ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রুহুল আমিন নিজ বাড়িতে পুকুর সেচ দেওয়ার কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করতে গেলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়।
তরুণ এই যুবকের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এ ঘটনায় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।




















