মোঃ আবু রায়হান, ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনায় ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়জনকে আটক করেছে ইটনা থানা পুলিশ। সোমবার (১২ অক্টোবর) উপজেলার থানেশ্বর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—রামিম হাসান ওরফে মানার ভূইয়া (২২), মো. সাব্বির (২০), মো. মনির ভূইয়া (২০), মো. এশারুল মোল্লা (৩৮), মো. আরিফ (২৬) ও মো. সারোয়ার (২৭)। তাঁরা সবাই ইটনা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রামিম হাসান ওরফে মানার ভূইয়া থানেশ্বর ডোমহাটি এলাকার নূরুল হক ভূইয়ার ছেলে। মো. সাব্বির থানেশ্বর নয়াবাড়ী এলাকার মো. রেজওয়ান ভূইয়ার ছেলে। মো. মনির ভূইয়া থানেশ্বর ডোমহাটি এলাকার মো. ছাতু ভূইয়ার ছেলে। মো. এশারুল মোল্লা বর্শিকুড়া দরগাপাড়া এলাকার আ. রাজ্জাক ভূইয়ার ছেলে। মো. আরিফ দক্ষিণ বর্শিকুড়া আওগাহাটি এলাকার কডু মিয়ার ছেলে এবং মো. সারোয়ার থানেশ্বর ডোমহাটি এলাকার মৃত মুঞ্জু ভূইয়ার ছেলে।
ইটনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান বলেন, এ ঘটনায় ইটনা থানায় মামলা নম্বর ০৮(১০)২৬ দায়ের করা হয়েছে। পরে আটক ছয়জনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।





















