তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও দীর্ঘদিনের জনদাবি পূরণে আরও দুটি গুরুত্বপূর্ণ বৃহৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদ সদস্য জনাব নাসের রহমানের উদ্যোগে প্রকল্প দুটি বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
এর মধ্যে রাজনগর ও সিলেটের বালাগঞ্জকে সংযোগকারী জেড-২০১৭ সড়কে কুশিয়ারা নদীর ওপর সেতু নির্মাণের পাশাপাশি বিদ্যমান সড়কটি যথাযথ মানে প্রশস্ত ও উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে। এতে দুই অঞ্চলের মধ্যে সড়ক যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হওয়ার পাশাপাশি যাতায়াতের সময়ও কমবে।
অন্যদিকে, মৌলভীবাজার শহরের যানজট নিরসন ও নগর যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে দ্বিতীয় মনু সেতু নির্মাণসহ শহর বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরের ওপর যানবাহনের চাপ কমার পাশাপাশি দূরপাল্লার যানবাহনের চলাচল আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে মৌলভীবাজারসহ আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারের সম্ভাবনা রয়েছে।
মৌলভীবাজারের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তুলতে ধারাবাহিকভাবে বৃহৎ প্রকল্প গ্রহণের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।




















