মু. রিয়াজুল ইসলাম লিটন:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নে সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে এবং হিউম্যান এ্যাপিল বাংলাদেশের সহযোগিতায় নির্মিত একটি মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার জয়ন্তীয়া ব্রিজ সংলগ্ন পশ্চিম প্রান্তে অবস্থিত দারুস সুন্নাহ ফজলুল উলুম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মসজিদটি সংযুক্ত আরব আমিরাতের “বো হামাদ ফাউন্ডেশন ফর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট”-এর অর্থায়নে এবং “হিউম্যান এ্যাপিল বাংলাদেশ”-এর সহযোগিতায় নির্মিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের বো হামাদ ফাউন্ডেশন ফর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান কর্নেল শেইখ আব্দুল্লাহ সালেহ মোহাম্মদ আল মুতাওয়া (হাফিযাহুল্লাহ) এবং হিউম্যান এ্যাপিল বাংলাদেশের চেয়ারম্যান ড. নূর মোহাম্মদ।
এছাড়াও অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত থেকে আগত প্রতিনিধিদলের সদস্যবৃন্দ, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম মঞ্জু মসজিদ নির্মাণে সহযোগিতার জন্য বো হামাদ ফাউন্ডেশন ফর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং হিউম্যান এ্যাপিল বাংলাদেশকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে আমিরাত থেকে আগত অতিথিরা খুতবা ও নামাজ পরিচালনা করেন। পরে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং স্থানীয় মুসল্লিরা নবনির্মিত মসজিদে জুমার নামাজ আদায় করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার মুহতামিম মো. শাজাহান আলী জানান, ২০২০ সালে প্রতিষ্ঠিত দারুস সুন্নাহ ফজলুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় বর্তমানে ৩২০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে। এর মধ্যে ৮৭ জন ছাত্রী ও ৭৫ জন ছাত্র আবাসিকভাবে শিক্ষা গ্রহণ করছে। তিনি মাদ্রাসার উন্নয়নে দেশ-বিদেশের দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন।





















