সরকার শাহাদত হোসেন, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় ঋণের টাকা পরিশোধের চাপ ও পারিবারিক উদ্বেগের মধ্যে ট্রেনে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিক (৫২) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, সুদের ওপর নেওয়া ঋণের টাকা পরিশোধের জন্য কয়েক দিন ধরে চাপ দেওয়া হচ্ছিল তাকে। সেই চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে স্বজনদের ধারণা। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা নিশ্চিত হতে তদন্ত করছে রেলওয়ে পুলিশ।
গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা পৌর শহরের ২ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক পূর্ব কোমরনই পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় শান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ লোকাল ট্রেনটি ২ নম্বর রেলগেট অতিক্রম করছিল। এ সময় হঠাৎ রেললাইনে ঝাঁপ দেন আবু বক্কর। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের ভাগিনা বকুল মিয়া জানান, তার মামা সুদের ওপর ঋণ নিয়েছিলেন। কয়েক দিন ধরে ঋণের টাকা পরিশোধের জন্য তাকে চাপ দেওয়া হচ্ছিল। সেই চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে তাদের ধারণা।
এ বিষয়ে গাইবান্ধা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গনি বলেন, ট্রেনে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিকের মৃত্যু হয়েছে। নিহতের পকেট থেকে কয়েকজনের নাম লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঋণের চাপের বিষয়টি সামনে আসায় ঘটনাটি এলাকায় নানা আলোচনার জন্ম দিয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছেন স্বজন ও স্থানীয়রা।




















