পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড় পৌর শহরের তুলারডাঙ্গা এলাকায় রাস্তার পাশের একটি খাল থেকে রেজাউল করিম রেজা (৪০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের কয়েক ঘণ্টা পর বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বকুলতলা-তুলারডাঙ্গা সড়কের পাশের একটি খাল থেকে তাঁর নিথর দেহটি উদ্ধার করা হয়। নিহত রেজাউল করিম রেজা ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকায় পরিবার নিয়ে নিজস্ব বাড়িতে বসবাস করতেন। জেলা শহরের সদর থানার সামনে তাঁর একটি কম্পিউটার কম্পোজের দোকান ছিল। তিনি স্ত্রী ও তিন সন্তানের জনক।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার দিকে পারিবারিক কোনো কারণে ক্ষুব্ধ হয়ে রেজাউল বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাসায় ফেরেননি। স্বজনরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো হদিস পাননি।
বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে স্থানীয়রা তুলারডাঙ্গা এলাকায় সড়কের পাশের খালে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে পঞ্চগড় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বলেন, “খবর পাওয়া মাত্রই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে ক্রাইম সিন সুরক্ষিত করে। পরে সিআইডির ফরেনসিক টিম এসে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সম্ভাব্য সব বিষয় মাথায় রেখেই তদন্ত কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
পঞ্চগড় জেলা পুলিশ সুপার আবু সাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ব্যক্তির মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশ নিবিড়ভাবে কাজ করছে। নিহতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি ‘চিরকুট’ উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে চিরকুটের বিষয়ে বিস্তারিত না জানালেও এটি মৃত্যুর রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে পুলিশ।
এক জনপ্রিয় ব্যবসায়ীর এমন রহস্যজনক মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।





















