গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন ও আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি। তিনি বলেছেন, মানুষের আর্থিক সক্ষমতা বাড়লে তাদের মতামত ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও শক্তিশালী হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনাজপুর জেলা পরিষদের নতুন সম্মেলন কক্ষে আয়োজিত উন্নয়ন প্রকল্পসমূহ ও দুঃস্থদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও ক্ষমতায়িত করা গেলে উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বাড়বে। এতে স্থানীয় পর্যায়ে বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নও আরও গতিশীল হবে।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা পরিষদের ১৩৭টি উন্নয়ন প্রকল্পের অনুকূলে এবং দুঃস্থ ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেন।
দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান।
জেলা জাসাসের আহ্বায়ক মো. আখতারুজ্জামান আখতারের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, মাহবুব আহমেদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও সুধীজন উপস্থিত ছিলেন।
























