দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তনকে কেন্দ্র করে অনেকে রাজনীতি করলেও হাসপাতালের সুযোগ-সুবিধা বাড়ানোর ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত কেবিন ব্লক ও মসজিদ উদ্বোধন এবং হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ৫০০ থেকে ১ হাজারে উন্নীত করা হয়েছে। প্রয়োজন হলে ভবিষ্যতে তা ১ হাজার ৫০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে মাত্র ৪০০ টাকায় রোগীদের ডায়ালাইসিসের সুযোগ দেওয়া হচ্ছে। কম খরচে এ ধরনের চিকিৎসাসেবা মানুষের জন্য গুরুত্বপূর্ণ সুবিধা উল্লেখ করে তিনি বলেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এর আগে মন্ত্রী হাসপাতালের ছয়তলায় নবনির্মিত কেবিন ব্লক ও হাসপাতাল মসজিদের উদ্বোধন করেন। পরে তিনি আইসিইউ, সিসিইউ, পেডিয়াট্রিকসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা কমিটির সহ-সভাপতি ও দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল মিলনসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
উল্লেখ্য, চলতি বছরের জুনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সহ-সভাপতি হিসেবে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম দায়িত্ব পান।
























