দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, “আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে এগিয়ে নেবে। এজন্য শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, মাদক থেকে দূরে থাকতে হবে এবং খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে।”

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিনাজপুর জিলা স্কুলের আয়োজনে স্কুলের কবি কাজী কাদের নেওয়াজ অডিটোরিয়ামে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৭৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, বিগত সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং শিক্ষার মানও অবনতি ঘটেছিল। বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন ও আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি ও যুগোপযোগী নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, “শুধু জিপিএ-৫ অর্জন করলেই জীবনের সাফল্য নিশ্চিত হয় না। একজন শিক্ষার্থীকে ভালো ফলাফলের পাশাপাশি মানবিক গুণাবলি, সততা, নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা অর্জন করতে হবে। একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারলেই প্রকৃত অর্থে শিক্ষার উদ্দেশ্য সফল হবে।”
দিনাজপুর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদ, দিনাজপুর জিলা স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দুররুল আনাম সিদ্দিকী এবং দিনাজপুর জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. সাইফুদ্দীন।
এছাড়াও বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, আব্দুল হাই এবং কৃতী শিক্ষার্থী হিরণ ও সাহেল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ইশান ও কল্প। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
আলোচনা সভা শেষে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৭৩ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন অতিথিরা।




















