দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঘোষিত ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই কর্মসূচি বাস্তবায়নে রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে সভার আয়োজন করা হয়।
দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দলীয়করণ বন্ধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব প্রতিরোধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ঘোষিত ৮ দফা দাবির সমর্থনে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর পর্যন্ত লংমার্চ অনুষ্ঠিত হবে।
তিনি আন্দোলনকে সফল করতে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
অঞ্চল টিম সদস্য মো. আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম, পঞ্চগড় জেলা আমির মাওলানা ইকবাল হোসাইন, ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, সহকারী সেক্রেটারি ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, পঞ্চগড় জেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, দিনাজপুর জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম সৈকত এবং ঠাকুরগাঁও জেলা সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন।
সভায় দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।




















