ডেঙ্গুর বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর তিন মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের সঙ্গে দিনাজপুরেও এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আমরা নিজেকে সুস্থ রাখি, নিজের পরিবারকে সুস্থ রাখি, নিজের সমাজকে সুস্থ রাখি এবং নিজের দেশকে সুস্থ রাখতে সহযোগিতা করি। সপ্তাহে অন্তত একদিন নিজের বাসস্থান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ সম্ভব। যারা আবর্জনা সৃষ্টি করবে ও ময়লা ফেলবে, তাদের নিরুৎসাহিত করতে হবে। ২০২৪ সালের ৫ আগস্ট তরুণ সমাজ দেখিয়ে দিয়েছে, দেশকে কীভাবে পরিবর্তন করতে হয়। একটি পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ—সবার জন্য বাংলাদেশ।”
জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে জানানো হয়, কর্মসূচির আওতায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস, জমে থাকা পানি অপসারণ, আবর্জনা পরিষ্কার এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।
সরকার ঘোষিত এ কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ সময় প্রতি শনিবার দেশের জেলা, উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নিজ নিজ বাড়িঘর, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
পরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।





















