সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক:
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি-জায়গা নিয়ে বিরোধের জেরে বাড়িতে ঢুকে হামলা, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন মো. মাহফুজার রহমান (৩১)।
অভিযোগে অভিযুক্তরা হলেন—মো. সাইদুর ইসলাম (৫০), মো. মেহেদী হাসান (২৭), মো. মোবাশ্বের, মোছা. মনোয়ারা বেগম (৪৫) ও মো. মুল্য মিয়া (২০)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট সকাল ৮টার দিকে অভিযুক্তরা লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে মাহফুজার রহমানের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা গালিগালাজ ও ভয়ভীতি দেখাতে থাকেন। এর প্রতিবাদ করলে মাহফুজার রহমানকে এলোপাতাড়ি মারধর করে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মাহফুজার রহমানকে রক্ষা করতে তাঁর ছোট ভাই মিলন, চাচাতো ভাই রাজু ও ভাবি শিল্পী বেগমসহ কয়েকজন এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা করা হয়। এতে কয়েকজন আহত হন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় শিল্পী বেগমের গলায় থাকা আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। চেইনটির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মাহফুজার রহমান সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, “এ বিষয়ে একটি এজাহার পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”





















