ঢাকা ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি পদায়নসহ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি করেছে সরকার।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি এবং খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ডিআইজি পর্যায়ের আরও তিন কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে। অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, বিশেষ শাখার (এসবি) ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি এবং মাস র্যাপিড ট্রানজিটের (মেট্রোরেল) ডিআইজি সিদ্দীকী তানজিলুর রহমানকে এসবির ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

একই দিনে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে পুলিশের ছয় অতিরিক্ত আইজিপি পর্যায়ের কর্মকর্তার পদোন্নতি ও পদায়ন করা হয়েছে। ফলে সব মিলিয়ে ১১ কর্মকর্তার পদে পরিবর্তন এসেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


























