সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের কৃষক লুৎফর রহমান মাত্র ১০ শতাংশ জমিতে প্রায় ১২ ধরনের শাক-সবজির মিশ্র চাষ করেছেন। বস্তায় ১ হাজার ২০০ আদা গাছের পাশাপাশি মাচায় লাউ চাষ করেছেন তিনি।
জমির এক পাশে বেড তৈরি করে পুঁইশাক ও কলমিশাক এবং অন্য পাশে বস্তায় মরিচ, কদুয়া ও চিচিঙ্গা চাষ করা হয়েছে। এছাড়া আদার ফাঁকে পেঁপে ও কাকজি গাছ লাগানো হয়েছে।
কৃষক লুৎফর রহমান বলেন, কৃষি বিভাগের পরামর্শ নিয়ে অল্প জমিতে বেশি ফসল উৎপাদনের পরিকল্পনা করেছেন তিনি। ১০ শতাংশ জমিতে ১ হাজার ২০০ বস্তায় আদা চাষ করেছেন। আদার ওপর মাচা তৈরি করে সেখানে লাউ চাষ করায় একই জায়গা থেকে দুই ধরনের ফসল পাওয়া যাচ্ছে। বাজারের সবজিতে কীটনাশক ব্যবহারের বিষয়টি বিবেচনায় রেখে নিজের পরিবারের জন্য নিরাপদ সবজি উৎপাদনের পাশাপাশি অন্যদেরও এ ধরনের চাষে উৎসাহিত করতে চান তিনি।
স্থানীয় এক প্রতিবেশী বলেন, অল্প জমিতে একসঙ্গে এত ধরনের ফসল চাষ করা হয়েছে। কৃষকের এ উদ্যোগ দেখে অনেকেই মিশ্র চাষে আগ্রহী হচ্ছেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাসান তারিক জানান, পরিকল্পিতভাবে জমি ব্যবহার করে একই সঙ্গে একাধিক ফসল উৎপাদন করা সম্ভব। লুৎফর রহমানের জমিতে বিভিন্ন ফসলের মিশ্র চাষ তার একটি উদাহরণ।
সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, অল্প জমিতে বিভিন্ন ফসল চাষের মাধ্যমে কৃষক যেমন তার পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করছে তেমনি কৃষক অর্থনৈতিক ভাবেও লাভবান হচ্ছে। তবে কৃষকদের এ ধরনের মিশ্র চাষে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে।

























