জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ও দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‘নৈরাজ্যকে না’ স্লোগানকে সামনে রেখে আগামী ২৩ নভেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রায়সাহেব বাজার ও বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে ফিরবে। পরে সকাল ১০টা ৩০ মিনিটে ভাষাশহীদ রফিক ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।



























