সাহারুল হক সাচ্চু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খিরার (শসাজাতীয় সবজি) কেনাবেচার জন্য এক সপ্তাহের ব্যবধানে নতুন দুটি আড়ত চালু হয়েছে। এতে উপজেলায় খিরা কেনাবেচার আড়তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারটিতে। এসব আড়তে খিরা বিক্রি করতে আসা কৃষকদের কাছ থেকে খাজনা কিংবা অন্য কোনো নামে টাকা নেওয়া হয় না। বরং আড়তগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকায় পণ্যের ভালো দাম পাওয়ার সুযোগ পাচ্ছেন কৃষকেরা।
গত ৭ নভেম্বর কয়ড়া হাটখোলায় নতুন একটি খিরার আড়ত চালু হয়। এর আগে ২ নভেম্বর কয়ড়া হাট থেকে প্রায় ৩০০ মিটার দূরে হরিশপুরে চালু করা হয় ‘কয়ড়া সমবায় খিরার আড়ত’। একই মোহনপুর সড়কের পাশে কাছাকাছি এলাকায় আড়ত দুটি গড়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলার কয়ড়া, মোহনপুর, উধুনিয়া ও বড় পাঙ্গাসী ইউনিয়নের বিভিন্ন মাঠে শত শত বিঘা জমিতে দেশি ও হাইব্রিড জাতের খিরার আবাদ হয়। এসব এলাকার কৃষকদের উৎপাদিত খিরা কেনাবেচার প্রধান কেন্দ্র হয়ে উঠেছে মোহনপুর সড়কসংলগ্ন আড়তগুলো।
উপজেলায় প্রথম খিরার আড়ত চালু হয় কয়ড়া ইউনিয়নের বর্ধনগাছা গ্রামে, মোহনপুর সড়কের পাশে। প্রায় ২০ বছর আগে প্রতিষ্ঠিত এ আড়তটি পরিচালনার জন্য গ্রামের ৩২ জন মিলে নিজেদের নামে ১৪০ শতক জমি কিনেছিলেন।
বর্ধনগাছা আড়ত পরিচালনাকারীদের একজন মো. আব্দুস ছাত্তার বলেন, শুরুর দিকে এলাকায় খিরার আবাদ কম থাকায় আড়তে তেমন বেচাকেনা হতো না। বর্তমানে খিরা চাষির সংখ্যা অনেক বেড়েছে। ভরা মৌসুমে এ আড়তে প্রতিদিন সাড়ে পাঁচ থেকে ছয় হাজার মণ খিরা কেনাবেচা হয়।
তিনি জানান, এ আড়তে খিরা বিক্রি করতে আসা কৃষকদের কাছ থেকে খাজনা বা অন্য কোনো নামে টাকা নেওয়া হয় না। তবে ক্রেতা ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি বস্তা খিরার জন্য পাঁচ টাকা নেওয়া হয়। এ অর্থ বর্ধনগাছা গ্রামের তিনটি মসজিদ ও দুটি মাদরাসার উন্নয়নে ব্যয় করা হয়। পাশাপাশি জমির মালিকদের মধ্যে বেকার আট থেকে দশজনকে কিছু অর্থ দেওয়া হয়। খিরার মৌসুমজুড়ে এ আড়তে এলাকার প্রায় দেড়শ মানুষ শ্রমিক হিসেবে কাজ করেন।
এ ছাড়া একই মোহনপুর সড়কে একটি তেল পাম্পের কাছে প্রায় ১২ বছর ধরে মৌসুমি খিরার আড়ত পরিচালিত হচ্ছে। তবে বর্তমানে সেখানে খিরার আমদানি তুলনামূলক কম।
গত ৭ নভেম্বর কয়ড়া হাটখোলায় চালু হওয়া নতুন আড়তে প্রথম দিনেই প্রায় ৭০ মণ খিরা কেনাবেচা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। হাট ইজারাদারের পক্ষ থেকে আড়তটি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে মো. জাকারিয়া হোসেনকে। তিনি জানান, এখানে খিরা বিক্রি করতে আসা কৃষকদের কাছ থেকে কোনো ধরনের খাজনা নেওয়া হবে না। ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি বস্তার জন্য পাঁচ টাকা নেওয়া হবে।
অন্যদিকে, গত ২ নভেম্বর চালু হওয়া হরিশপুরের ‘কয়ড়া সমবায় খিরার আড়ত’ পরিচালনা করছেন এলাকার ২১ জন। তারা জায়গা ভাড়া নিয়ে যৌথভাবে আড়তটি প্রতিষ্ঠা করেছেন।
আড়তটির পরিচালনাকারী মো. নাজমুল হুদা ও মো. বেলাল হোসেন জানান, কৃষকদের কাছ থেকে খাজনা বা অন্য কোনো নামে টাকা নেওয়া হয় না। শুধু ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি বস্তা খিরার জন্য পাঁচ টাকা নেওয়া হচ্ছে।
গত ৭ নভেম্বর মোহনপুর সড়কের পাশের চারটি আড়ত ঘুরে দেখা গেছে, বিভিন্ন এলাকার কৃষকেরা জমি থেকে খিরা তুলে সরাসরি আড়তে নিয়ে আসছেন। ব্যবসায়ীরা দরদাম করে খিরা ওজন করছেন এবং মূল্য পরিশোধ করছেন।
চরপাড়া, ভদ্রকোল ও ভাগলপুর এলাকার কৃষকেরা অটোভ্যানে করে খিরা নিয়ে প্রথমে কয়ড়া হাটখোলার আড়তে যাচ্ছেন। সেখানে দরদাম পছন্দ না হলে পাশের সমবায় আড়তে নিয়ে যাচ্ছেন। সেখানেও দাম না মিললে খিরা নিয়ে যাচ্ছেন বর্ধনগাছা আড়তে। এভাবে একাধিক আড়ত থাকায় কৃষকেরা নিজেদের পছন্দমতো জায়গায় খিরা বিক্রির সুযোগ পাচ্ছেন।
স্থানীয় খিরাচাষিরা জানান, জমি থেকে খিরা তুলে অটোভ্যানে বোঝাই করার আগেই তারা বিভিন্ন আড়তের বাজারদর জেনে নেন। যে আড়তে বেশি দাম পাওয়া যায়, সেখানেই খিরা বিক্রি করেন। ফলে এখন খিরা বিক্রির ক্ষেত্রে কৃষকেরা আগের চেয়ে বেশি সুবিধা পাচ্ছেন।
গত ৭ নভেম্বর আড়তগুলোতে প্রতি মণ দেশি জাতের খিরা ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং হাইব্রিড জাতের খিরা ৮০০ থেকে ১ হাজার টাকা দরে কেনাবেচা হয়েছে।


























