ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিংবা লাইসেন্সে নির্ধারিত শ্রেণির বাইরে অন্য কোনো যানবাহন চালালে কঠোর শাস্তির মুখে পড়তে হবে এমন সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
শুক্রবার (৩ এপ্রিল) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী বৈধ ড্রাইভিং লাইসেন্স, শিক্ষানবিশ লাইসেন্স বা হালনাগাদ লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি জনসমক্ষে মোটরযান চালাতে পারবেন না এবং অন্য কাউকে চালাতেও দিতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লাইসেন্সে উল্লেখিত ক্যাটাগরির বাইরে ভিন্ন ধরনের যান চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে যথাযথ অনুমতি ছাড়া কোনো গণপরিবহন পরিচালনাও আইনত অপরাধ।
আইন লঙ্ঘনের ক্ষেত্রে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৬৬ অনুযায়ী সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হতে পারে।
এছাড়া এ ধরনের অপরাধে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স সাময়িকভাবে স্থগিত বা স্থায়ীভাবে বাতিল করা হতে পারে। কোনো চালক শারীরিক বা মানসিকভাবে অযোগ্য প্রমাণিত হলেও লাইসেন্স বাতিলের বিধান রয়েছে।
বিআরটিএ জানায়, সাম্প্রতিক সময়ে লাইসেন্সবিহীন চালনা, ভুল ক্যাটাগরির যান চালানো, বেপরোয়া গতি ও বিশৃঙ্খল ড্রাইভিংয়ের কারণে সড়ক দুর্ঘটনা বেড়েছে, যা প্রাণহানি ও গুরুতর আঘাতের ঝুঁকি বাড়াচ্ছে।
এ অবস্থায় চালকদের বৈধ লাইসেন্স ব্যবহার ও নির্ধারিত ক্যাটাগরি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পরিবহন মালিকদেরও চালকদের বিষয়ে সচেতন ও দায়িত্বশীল থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট চালক ও মালিকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।


























