এলপিজির দাম সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
জাহেদ উর রহমান বলেন, বাজার পরিস্থিতি বিবেচনায় এলপিজির মূল্য সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে। তবে সরকার নির্ধারিত দামে কোথাও এলপিজি বিক্রি না হলে বিষয়টি কঠোরভাবে নজরদারি করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এলপিজি নিয়ে অনিয়ম ও অবৈধ মজুতের বিরুদ্ধে জরিমানা কার্যক্রম জোরদার করা হয়েছে। নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি কিংবা অবৈধভাবে মজুতের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গত ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি এসে পৌঁছেছে বলেও ব্রিফিংয়ে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
ভিজিএফের চাল দ্বিগুণ
মূল্যস্ফীতি ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় চালের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, আগে ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি চাল দেওয়া হতো। এখন থেকে উপকারভোগীরা ২০ কেজি করে চাল পাবেন।
সরকারের এই সিদ্ধান্তের ফলে মূল্যস্ফীতির চাপে থাকা নিম্নআয়ের ও অসচ্ছল জনগোষ্ঠী কিছুটা সহায়তা পাবেন বলে জানান তিনি।


























