প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
ইতোমধ্যে ফেরদৌসী আহমেদ মিষ্টি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেও জানা গেছে।
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) হামলা, ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর তাঁর পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে।
গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্র ব্যবহার করে স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তাধীন বলে বুধবার (৩০ সেপ্টেম্বর) জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
তবে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন মিষ্টি।
এদিকে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের জমি এবং ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর কার্যক্রম নিয়েও তাঁর নাম আলোচনায় এসেছে।
গণমাধ্যমের অনুসন্ধান অনুযায়ী, ২০০৬ সালে শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার থাকাকালে ফেরদৌসী আহমেদ মিষ্টি ওই সমিতির সভাপতি ছিলেন। তবে বর্তমানে সমিতিটির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন তিনি।




















