চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় নিহত হয়েছেন সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস। মৃত্যুর মাত্র কয়েকদিন আগেই তিনি বাবা হয়েছিলেন। সন্তানকে ঘিরে যখন পরিবারে বইছিল আনন্দের হাওয়া, ঠিক তখনই পিয়াসের আকস্মিক মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল ওয়াহাবের ছেলে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বুধবার হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। অনুশীলনের একপর্যায়ে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে পিয়াসসহ দুই সেনাসদস্য নিহত হন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বোনের একমাত্র ভাই ছিলেন পিয়াস। ছোটবেলা থেকেই শান্ত, ভদ্র ও অমায়িক স্বভাবের হিসেবে এলাকায় তার পরিচিতি ছিল। হাসিমুখে সবার সঙ্গে কথা বলা ও সহজ-সরল আচরণের কারণে স্বজন ও প্রতিবেশীদের কাছেও তিনি ছিলেন অত্যন্ত প্রিয়।
চাকরির সুবাদে পরিবার নিয়ে চট্টগ্রামের সেনা কোয়ার্টারে বসবাস করতেন পিয়াস। দেশের সেবায় নিয়োজিত এই তরুণ সেনাসদস্যের জীবন মর্মান্তিক এক দুর্ঘটনায় হঠাৎ থেমে গেল।
সবচেয়ে হৃদয়বিদারক বিষয়, মৃত্যুর কয়েকদিন আগেই পিয়াসের ঘর আলো করে এসেছিল নবজাতক সন্তান। সন্তান জন্মের আনন্দ কাটতে না কাটতেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। বাবার স্নেহ-ভালোবাসা বোঝার আগেই বাবাকে হারাল সদ্য পৃথিবীতে আসা শিশুটি।
তিন বোনের একমাত্র ভাই, পরিবারের প্রিয় সন্তান এবং সদ্য বাবা হওয়া পিয়াসের এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। তাকে শেষবারের মতো দেখতে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা ছুটে আসছেন।
স্থানীয়রা জানান, পিয়াস ছিলেন অত্যন্ত ভালো মনের মানুষ। তার এমন অকাল মৃত্যু মেনে নেওয়া কঠিন। বিশেষ করে সদ্যোজাত সন্তানকে রেখে তার চলে যাওয়ার ঘটনা পুরো পরিবার ও এলাকাবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমা বলেন, দেশের সেবায় নিয়োজিত একজন তরুণের এভাবে অকালে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াসের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।


























