মোহাম্মদ জুয়েল রানা, নবীনগর প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) উপজেলা শাখার নবনির্মিত কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাস নবীনগর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক সমকালের সাংবাদিক মাহাবুব আলম লিটন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মান্নান বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের অনিয়ম, দুর্নীতি ও মানুষের সুখ-দুঃখের চিত্র উঠে আসে। তাই আকর্ষণীয় শিরোনামের চেয়ে বস্তুনিষ্ঠতার সঙ্গে প্রকৃত সত্য তুলে ধরাই সাংবাদিকদের প্রধান দায়িত্ব।”
তিনি আরও বলেন, সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ এবং ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরা জরুরি। সংবাদকে আকর্ষণীয় করতে অপ্রাসঙ্গিক ব্যক্তির নাম জড়িয়ে বিভ্রান্তিকর শিরোনাম করা উচিত নয়। দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক পৌর প্রশাসক মো. মলাই মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি জাবেদুল ইসলামসহ অন্যান্য অতিথি।
বক্তারা বলেন, এ কার্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে নবীনগরের সাংবাদিকদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় কার্যালয়টি ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




















