হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার সদস্য আহত হয়েছেন।
নিহতরা হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।
সোমবার রাত আনুমানিক সোয়া ১০টার দিকে থার্ড টার্মিনালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনাজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।
জানা গেছে, রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে দায়িত্ব পালনরত বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিমানবাহিনীর তিন সদস্য নিহত হন।
এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে কর্পোরাল সিফাত/আবু সাঈদ, কর্পোরাল মাহবুব ও এলএসি আহাদ গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার পর আহত ও নিহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরবর্তী কার্যক্রমের জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানা গেছে।


























