রাকিব হাসান সাগর, নারায়ণগঞ্জ:।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় একটি গ্যারেজের মেঝের নিচে তৈরি গোপন চেম্বার থেকে ৯৯ বোতল মাদকদ্রব্য স্কাফ ও নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করেছে এসআরবি-১১ (সিপিসি-১১)। এ ঘটনায় বাবা ও ছেলেসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৭ নভেম্বর (শুক্রবার) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—বন্দর উপজেলার মোছাপুর ইউনিয়নের জগীপাড়া গ্রামের মৃত হাজী বাহার আলীর ছেলে আব্দুল করিম (৬০) এবং তার ছেলে মো. মাসুম (৩২)।
অভিযান সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে আসামিরা লাঙ্গলবন্দে নিজেদের মালিকানাধীন একটি গ্যারেজের কক্ষের মেঝের নিচে কৌশলে একটি গোপন চেম্বার বা সুড়ঙ্গসদৃশ গর্ত তৈরি করে সেখানে মাদক মজুত করে রাখত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১১-এর একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে গোপন আস্তানাটি শনাক্ত করে। পরে সেখান থেকে ৯৯ বোতল স্কাফ ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা উদ্ধারসহ দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে এসআরবি-১১-এর পক্ষ থেকে জানানো হয়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বাহিনীটি। অপরাধীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে তারা বদ্ধপরিকর।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূল ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।




















