স্পেশাল করেসপন্ডেন্ট :শফিকুল ইসলাম শফিক :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা দিলেন তরুণ, শিক্ষিত ও ভদ্র প্রার্থী হাদিরুজ্জামান (হাদির)।
গত ২৭ নভেম্বর দিবাগত রাত ৮টায় নিজ বাড়িতে আয়োজিত প্রার্থিতা ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান আব্দুল খালেখ। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন আশ্রাফুজ্জামান (আক্তার)।
প্রার্থিতা ঘোষণা অনুষ্ঠানে প্রচুর পরিমাণে জনগণের উপস্থিতি ছিল। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বি ও যুব সমাজসহ দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল কানায় কানায় ভরে যায়। তরুণ প্রার্থীর প্রতি মানুষের এই ভালোবাসা ও সমর্থন অনুষ্ঠানটিকে উৎসবমুখর করে তোলে।
হাদিরুজ্জামান (হাদির) একটি ঐতিহ্যবাহী জনসেবক পরিবারের সন্তান। তার দাদা একাধিকবার মেম্বার হিসেবে এলাকার মানুষের সেবা করেছেন। তার চাচাও সাবেক চেয়ারম্যান ছিলেন। পারিবারিকভাবেই জনসেবার এই ঐতিহ্য ধারণ করে বেড়ে উঠেছেন হাদির।
প্রার্থীদের মধ্যে তিনিই সবচেয়ে কনিষ্ঠ, তরুণ ও শিক্ষিত প্রার্থী হিসেবে এলাকায় ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত একজন স্থানীয় মুরুব্বি বলেন, হাদির আমাদের চোখের সামনে বড় হওয়া ছেলে। ভদ্র, শিক্ষিত, কারো সাথে খারাপ ব্যবহার করে না। ওর পরিবার বহু বছর ধরে মানুষের সেবা করে আসছে। এবার আমরা ওকে সুযোগ দিতে চাই।
আরেকজন স্থানীয় যুবক বলেন, আমরা তরুণরা একজন শিক্ষিত, তরুণ প্রার্থী চাই। হাদির আমাদের মনের কথা বোঝে। ওয়ার্ডের উন্নয়ন, শিক্ষা আর শান্তির জন্য ওর মতো প্রার্থীই দরকার। আমরা সবাই ওর পাশে আছি।
প্রার্থিতা ঘোষণা করে হাদিরুজ্জামান (হাদির) বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই। নির্বাচিত হলে দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে ওয়ার্ডের উন্নয়ন, শিক্ষা, শান্তি ও জনসেবায় কাজ করবো।
তিনি আরও বলেন, আমি মেম্বার হতে চাই না, আমি আপনাদের সেবক হতে চাই। ওয়ার্ডকে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সকলের দোয়া ও সমর্থন চাই।
এ সময় উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসী তার প্রার্থিতাকে স্বাগত জানিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।




















