সাহারুল হক সাচ্চু . উল্লাপাড়া ( সিরাজগঞ্জ ):
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরিষা ফুল থেকে মধু সংগ্রহে মাঠে মাঠে মৌখামার বসেছে। প্রতিটি খামারে বসানো হয়েছে বহু মৌবক্ম। বিভিন্ন এলাকা থেকে আরো মৌখামারি আসছেন। এখনো মধু কাটা (সংগ্রহ) শুরু হয়নি। মৌখামারিরা মাঠে মৌবক্ম বসিয়ে মধু সংগ্রহ করতে দিন গুনে সময় পার করছেন। উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে এবারের মৌসুমে ১২৭ টি মৌখামার বসবে। আর এক লাখ আটানব্বই হাজার ৭৫০ কেজি ( ১৯৮ মেট্রিক টন ৭৫০ কেজি) মধু উৎপাদন সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উল্লাপাড়া উপজেলার কৃষকদের কাছে সরিষা ফসল বছরের দ্বিতীয় প্রধান আবাদ হয়েছে। উপজেলার প্রায় সব মাঠেই কম বেশী পরিমাণ জমিতে সরিষা ফসলের আবাদ করা হয়। এবারেও তাই হয়েছে। বিভিন্ন মাঠে রোপা আমন ধান কাটার পর আরো জমিতে সরিষার আবাদ হবে। উধুনিয়া , বড় পাঙ্গাসী, মোহনপুর ইউনিয়নের বিভিন্ন মাঠে আগাম করে আবাদ করা সরিষা ফসলে এখন ফুল এসেছে। আরো আসছে। মাঠের পর মাঠে সরিষা ফুলে হলুদের মেলা জমছে। উপজেলার বিভিন্ন মাঠের সরিষার ফুল থেকে মৌখামার বসিয়ে মধু সংগ্রহ করা হয়। এবারেও মধু সংগ্রহে মৌখামার বসছে। উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের সরিষা ফসল আবাদ করা খাদুলি মাঠে সপ্তাহ দুয়েক হলো সিয়াম মৌখামার বসেছে। এর মালিক ভাটবেড়া গ্রামের মো. সুমন প্রায় আট বছর ধরে মৌখামার করে মধু সংগ্রহের পেশায় আছেন। মোট ২৫০টি মৌবক্ম বসিয়েছেন। একই মাঠে জুবায়ের জিসান মৌখামার সরিষা ফুল থেকে মধু সংগ্রহে ২০০ টি মৌবক্ম বসিয়েছেন। মৌখামারটির মালিক মো. জাহিদুল ইসলাম বলেন আট দিন হলো মাঠে মৌবক্ম বসিয়েছেন। তিনি বছর দুয়েক হলো মৌখামার নিয়ে মধু সংগ্রহের পেশায় আছেন। এবারের মৌসুমে আবহাওয়া ভালো থাকলে ভালো পরিমাণ মধু সংগ্রহ হবে বলে আশা করছেন। উধুনিয়া ইউনিয়নের সরিষা ফসল আবাদ করা উধুনিয়া মাঠে মেজবাহ মৌখামার ১২৮টি মৌবক্ম বসিয়েছে। এর মালিক মনিরুল ইসলাম মনির বলেন ১২ দিন হলো মৌবক্ম বসানো হয়েছে। মৌবক্ম থেকে মধু কাটায় আরো দিন দশেক সময় লাগবে বলে জানান। তিনি এ পেশায় দুই বছর ধরে আছেন। সরেজমিনে আরো দেখা গেছে পাঙ্গাসী, খাদুলি বাংলাপাড়া মোড়, উধুনিয়া সড়ক মোড়, দিঘলগ্রাম সড়ক মাঠ, রাহুলিয়া মাঠে মৌখামার বসেছে। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মৌখামারিরা শত শত মৌবক্ম নিয়ে আসছেন। বিভিন্ন মাঠে মৌখামার বসানো হচ্ছে। আগামী কয়েকদিনে আরো মৌখামার আসবে বলে জানা গেছে। এখন উল্লাপাড়ায় অনেকগুলো মৌখামার হয়েছে। এসব খামারের মালিকেরা আগে অন্য পেশায় ছিলেন। আবার কেউ কেউ মৌখামারে কাজ করেছেন বলে জানা গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন বিভিন্ন এলাকার মৌখামারিরা সরিষা ফুল থেকে মধু সংগ্রহে উল্লাপাড়ায় আসছেন। মৌখামার মালিকেরা নিজেদের পছন্দের জায়গায় খামারের মৌবক্সগুলো বসাচ্ছেন। উধুনিয়া, বড় পাঙ্গাসী, মোহনপুর, বাঙ্গালা এলাকায় সরিষা ফসল আবাদ করা মাঠে বেশি মৌখামার বসছে। উপজেলায় গত বছরের মৌসুমে ১২৭ টি মৌখামার বসেছিলো। এবারে মৌখামারি বাড়বে বলে আশা করছেন। উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে মৌখামার মালিকদের সাথে যোগাযোগ রাখছেন।




















