পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহ মোকাবিলায় জাতীয় পর্যায়ের আগাম কর্মপরিকল্পনা বা ‘আর্লি অ্যাকশন প্রোটোকল (ইএপি)’ প্রণয়নের লক্ষ্যে টেকনিক্যাল
ওয়ার্কিং গ্রুপের পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার ইএসডিওর মহানন্দা কটেজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন
(ইএসডিও) আয়োজিত এ কর্মশালায় সহযোগিতা করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
তিন দিনব্যাপী এ কর্মশালায় সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শৈত্যপ্রবাহের পূর্বাভাস, ঝুঁকি নিরূপণ, সম্ভাব্য ক্ষয়ক্ষতি হ্রাস এবং দুর্যোগের আগেই কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন।
কর্মশালায় জানানো হয়, অংশীজনদের মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিপিবদ্ধ করে দেশের উত্তরাঞ্চলসহ শৈত্যপ্রবণ এলাকাগুলোতে দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে জাতীয় পর্যায়ে একটি ‘আর্লি অ্যাকশন প্রোটোকল (ইএপি)’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে শৈত্যপ্রবাহ শুরু হওয়ার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি ও আগাম পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।
আয়োজকেরা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘দুর্যোগ পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান (ফোরকাস্ট-বেজড ফাইন্যান্সিং/অ্যাকশন) টাস্কফোর্স’-এর সুপারিশ অনুযায়ী সংশ্লিষ্ট সরকারি দপ্তর, সংস্থা ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিদের সমন্বয়ে এই টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। প্রোটোকলটি প্রণয়ন ও বাস্তবায়নে ওয়ার্কিং গ্রুপকে কারিগরি ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা
প্রদান করছে ইএসডিও।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যুগ্ম সচিব ও পরিচালক (ত্রাণ) রাসেল সাবরিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপসচিব ও উপপরিচালক (ত্রাণ-২) মোহাম্মদ জাহাঙ্গীর আলী খান, উপসচিব (গবেষণা) কাজী মো. বদরুজ্জামান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব নাসির উদ্দীন, কমিউনিকেশন ও মিডিয়া স্পেশালিস্ট সৈয়দ আশরাফ উল ইসলাম, আবহাওয়াবিদ বজলুর রশিদ এবং স্বাস্থ্য বিভাগের ডা. মো. আফজাল।
এ ছাড়া উন্নয়ন সহযোগী ও আয়োজক সংস্থার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের পানি, খাদ্য ও জলবায়ু কর্মসূচির প্রধান মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রকল্প অংশীদারত্ব ও স্থানীয়করণ সমন্বয়কারী আয়াতুল্লাহ আল-মামুন (আয়াত), কেয়ার কনসোর্টিয়ামের সমন্বয়কারী অ্যাঞ্জেলো হার্নান মেলেনসিও, ইএসডিওর পরিকল্পনা প্রধান মশিউর রহমান এবং মাঠপর্যায়ের কার্যক্রম প্রধান আবু জাফর নূর মোহাম্মদ। পাশাপাশি পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন
শ্রেণি-পেশার প্রতিনিধিরাও কর্মশালায় অংশ নেন।
আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে শৈত্যপ্রবাহ মোকাবিলায় একটি সমন্বিত ও কার্যকর আগাম সাড়াদান ব্যবস্থা গড়ে উঠবে, যা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জানমাল ও জীবিকার ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সহায়ক হবে।




















